সুনামগঞ্জ ছয় কোটি টাকার কাজে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দুটি সড়কের প্রায় ছয় কোটি টাকার কাজের দরপত্রে অনিয়ম হয়েছে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের সর্বনিম্ন ৬০ ভাগ দর প্রস্তাব করে কাজগুলো পেলেও পরে তাদের পাঁচ ভাগ ঊর্ধ্বদরে কাজ দেওয়া হয়েছে। অন্য ঠিকাদারেরা গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।এ ঘটনায় সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সওজের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমানউল্লাহকে প্রত্যাহারের কথা স্বীকার করলেও কারণ জানাতে চাননি। লিখিত অভিযোগে ঠিকাদারেরা উল্লেখ করেন, গত নভেম্বর মাসে সওজ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা সড়ক ও নিয়ামতপুর সড়ক নির্মাণকাজের দরপত্র আহ্বান করে। এর একটি কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় পৌনে তিন কোটি টাকা। অন্যটি ছিল সাড়ে তিন কোটি টাকার কাজ। কয়েকজন ঠিকাদার দুটি কাজের দরপত্র জমা দেন। ১২ ডিসেম্বর ঠিকাদারদের সামনে দরপত্র খোলা হলে প্রাক্কলিত ব্যয়ের সর্বনিম্ন ৬০ ভাগ দরে কাজ দুটি পায় মেসার্স সজীব রঞ্জন দাশ ও প্রীতি এন্টারপ্রাইজ। সজীব রঞ্জন দাশ সুনামগঞ্জ চেম্বারের সহসভাপতি। ঠিকাদারেরা অভিযোগ করেন, মেসার্স সজীব রঞ্জন দাশ ও প্রীতি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদারেরা সুনামগঞ্জ ও সিলেট সওজের কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে কাজ দুটির কার্যাদেশ পরিবর্তন করে পাঁচ ভাগ ঊর্ধ্বদরে নেন। অভিযোগকারী ঠিকাদারদের একজন রমা দাশ বলেন, ‘দরপত্র খোলার পর দেখা যায়, সর্বনিম্ন ৬০ ভাগ দর পড়েছে। কিন্তু নিম্নদরকে গোপনে ঊর্ধ্বদর দেখিয়ে ওই ঠিকাদারদের কাজ দেওয়া হয়। এটা চরম অনিয়ম ও দুর্নীতি। এতে সরকারের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হবে।’ কাজ পাওয়া ঠিকাদারদের একজন সজীব রঞ্জন দাশের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ মেসার্স সজীব রঞ্জন দাশ ও প্রীতি এন্টারপ্রাইজকে পাঁচ ভাগ ঊর্ধ্বদরে কাজ দেওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি বর্তমানে ঢাকায়। সুনামগঞ্জে আসার পর বিস্তারিত কথা বলব।’