সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে পরিবহন ধর্মঘট চলছে
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে গতকাল মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট চলছে। সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে উপজেলা পরিবহন মালিক সমিতি এ কর্মসূচি পালন করছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে জগন্নাথপুর বটেরতল এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়।
এতে রিকশার যাত্রী উপজেলার প্রভাকরপুর গ্রামের আবদুল মন্নানের স্ত্রী সুমাইয়া বেগম (৩৭) ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর সুমাইয়ার আত্মীয়স্বজন ও উত্তেজিত জনতা বাসটির চালককে গ্রেপ্তারের দাবিতে ১০টি গাড়ি ভাঙচুর করে।
গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে পরিবহন শ্রমিকেরা সোমবার বিকেল থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। দাবি না মানায় উপজেলা পরিবহন মালিক সমিতি গতকাল বিকেলে সভা করে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
জগন্নাথপুর বাস মালিক সমিতির আহ্বায়ক রব্বানী মিয়া বলেন, ‘দুর্ঘটনার পর নিহত সুমাইয়া বেগমের আত্মীয়স্বজন বাসস্ট্যান্ডে এসে কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে আমরা যান চলাচল বন্ধ রেখেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’