সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন আজ
জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠনের কথা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘ সাত বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ছাত্রদলের কমিটি হয় ২০০৩ সালের ১৫ জুন। ৮১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে এ টি এম হেলাল সভাপতি ও নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এত দিন তাঁরাই মূল নেতা হিসেবে কাজ করেছেন।ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, আজ বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা কমিটির ৮১ জন, ১২ উপজেলার ৬০ জন, আটটি কলেজের ৪০ জন ও চারটি পৌরসভার ২০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। এই প্রতিনিধিরাই আহ্বায়ক কমিটির পাঁচ নেতা নির্বাচন করবেন। পরে এই কমিটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিনকে প্রধান অতিথি করা হয়েছে। সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান সম্মেলনের উদ্বোধন করবেন।