সুনামগঞ্জ জেলা বিএনপি তিন ভাগে বিভক্ত!
সুনামগঞ্জ জেলা বিএনপিতে ‘ভাগ’ আরও একটা বেড়েছে। এত দিন জেলা বিএনপি ছিল দুই ভাগে বিভক্ত। এখন দুই ভাগের একাংশের ‘ভেতর’ থেকে কিছু নেতা-কর্মী আলাদা হয়ে শহরে পৃথকভাবে কর্মসূচি পালন করছেন।দলীয় সূূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল দীর্ঘদিনের হলেও সেটি প্রকাশ্য রূপ নেয় ২০০৯ সালের মাঝামাঝি সময়ে। তখন থেকে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ ফজুলল হক আছপিয়া।অন্য পক্ষে আছেন কমিটির সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, দেওয়ান জয়নুল জাকেরীন ও সাধারণ সম্পাদক কলিমউদ্দিন মিলনসহ অন্যরা। ২০০৯ সালের ২৯ অক্টোবর শহরে পৃথকভাবে জেলা সম্মেলন করে দুই কমিটি ঘোষণা দেন তাঁরা। এরপর কেন্দ্র থেকে কয়েক দফা এই বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিরোধ আর মেটেনি।সর্বশেষ গত বছরের ২৯ এপ্রিল কেন্দ্র থেকে ফজলুল হক আছপিয়াকে সভাপতি, কলিমউদ্দিন মিলনকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাছির-জাকেরীন অংশের নেতাদের আধিক্য বেশি দাবি করে আছপিয়া পক্ষের কিছু নেতা নতুন কমিটি প্রত্যাখ্যান করেন। এ সময় কমিটি গঠনের জন্য ইলিয়াস আলীকেও দোষারোপ করেন ওই নেতা-কর্মীরা। গত ২ এপ্রিল সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জমিয়তে উলামা ইসলামের টিপাইমুখ বাঁধবিরোধী সমাবেশে এম ইলিয়াস আলীর উপস্থিতিতেই দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পরদিন থেকে ফজলুল হক আছপিয়া অংশের কিছু নেতা-কর্মী আলাদাভাবে কর্মসূচি পালন করা শুরু করেন। নতুন অংশের নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, ওয়াহিদ আহমদ, শেরেনুর আলী, সোহেল আহমদ প্রমুখ।এই অংশের নেতারা অবশ্য বলছেন, তাঁরা ফজুলল হক আছপিয়ার নেতৃত্ব মানেন। গ্রুপের ভেতরে থাকা দু-একজন নেতা-কর্মীর আচরণে ক্ষুব্ধ হয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরদিন শহরে কলিমউদ্দিন মিলন ও ফারুক আহমদ, ফজলুল হক আছপিয়া ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম এবং আবুল মুনসুর ও ওয়াহিদ আহমদ প্রমুখের নেতৃত্বে শহরে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এর পর থেকে হরতাল পালনসহ সব কর্মসূচি তিন ভাগে বিভক্ত হয়ে পালন করছেন তাঁরা।আবুল মুনসুর জানান, তাঁরা ফজলুল হক আছপিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তবে কমিটি গঠনসহ কিছু বিষয় এখনো মেনে নিতে পারছেন না তাঁরা। এ জন্য দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর পৃথকভাবে রাজপথে নেমেছেন। নুরুল ইসলাম বলেছেন, ‘নেতা-কর্মীদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমার আচরণে দলের কোনো নেতা বা কর্মী ক্ষুব্ধ হওয়ার কথা নয়।’জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজুলল হক আছপিয়া দলের এই বিভক্তি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কলিমউদ্দিন মিলন অবশ্য বলেছেন, ‘দেশের এবং দলের এই পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা দরকার। ছোটখাটো সমস্যা মিটিয়ে ইলিয়াস আলী ইস্যুতে রাজপথে এক হয়ে আন্দোলন করা উচিত।’