সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটিতে ফের রদবদল
সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আরও ৪৪ জনকে যুক্ত করে ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই কমিটি বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়।কমিটিতে মোহাম্মদ ফজলুল হক সভাপতি, কলিমউদ্দিন আহমদ সাধারণ সম্পাদক এবং আ স ম খালিদ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন।দলীয় সূত্রে জানা গেছে, নতুন সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ গত কমিটির সহসভাপতি ছিলেন। আর সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদকে নতুন কমিটিতে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সহসভাপতি পদে আবুল মাজাদ, আলী আহমদ, আবু হুরায়রা, আবদুল লতিফ, নুরুল ইসলাম ও জসিম উদ্দিনের নাম রয়েছে। আবুল মনসুর শওকত ও জিয়াউর রহিমকে করা হয়েছে যুগ্ম সম্পাদক। জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলামকে করা হয়েছে জেলা কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক। কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও সাধারণ সম্পাদক কলিমউদ্দিন আহমদ। মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের বদলে আ স ম খালিদকে এই পদ দেওয়া হয়েছে। আরও কিছু পদে রদবদল হয়েছে।’ দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের হলেও সেটি প্রকাশ্যে রূপ নেয় ২০০৯ সালের মাঝামাঝি সময়ে। তখন থেকে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ ফজলুল হক। অন্য পক্ষে আছেন কমিটির সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, দেওয়ান জয়নুল জাকেরীন ও সাধারণ সম্পাদক কলিমউদ্দিন আহমদসহ অন্যরা। ২০০৯ সালের ২৯ অক্টোবর শহরে পৃথকভাবে জেলা সম্মেলন করে দুই কমিটি ঘোষণা দেন তাঁরা। এরপর কেন্দ্র থেকে কয়েক দফা এই বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিরোধ আর মেটেনি। সর্বশেষ গত বছরের ২৯ এপ্রিল কেন্দ্র থেকে ফজলুল হককে সভাপতি ও কলিমউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে নাছির-জাকেরীন অংশের নেতাদের আধিক্য দাবি করে ফজলুল হক পক্ষের কিছু নেতা নতুন কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের দাবি জানান।