সুনামগঞ্জ-ডলুরা সড়ক বেহাল দুর্ভোগে লাখো মানুষ
সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াতের জন্য সদর উপজেলার সুরমা নদীর উত্তর পারের তিনটি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা সুনামগঞ্জ-ডলুরা সড়ক। কিন্তু সড়কটি চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে এই সড়কে যাতায়াতকারী লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর থেকে সীমান্তের ডলুরা পর্যন্ত আট কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন। এই সড়ক দিয়ে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের লোকজন চলাফেরা করে। জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকায় সীমান্তহাট ও একটি স্মৃতিসৌধ রয়েছে। শহর থেকে লোকজন নিয়মিত সীমান্তহাট ও স্মৃতিসৌধে যাতায়াত করে। এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক ভেঙে গেলে বিএনপির নেতৃত্বাধীন গত চারদলীয় জোট সরকারের শেষ দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আবার এটি নির্মাণ করে। সড়কের পৌর শহরের নবীনগর এলাকায় একটি সেতু রয়েছে। এবারের বন্যায় সেতুটি একেবারে ভেঙে যায়। নবীনগর এলাকায় সড়কের অবস্থা খুবই খারাপ। রিকশা পর্যন্ত চলাফেরা করতে পারে না। খানাখন্দ আর গর্তে ভরা সড়কে পানি জমে থাকে সব সময়। একইভাবে সুরমা নদীর উত্তর পারে হালুয়াঘাট থেকে মঙ্গলকাটা বাজার পর্যন্ত সড়কের পুরোটাই বালু-পাথর উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। এলাকাবাসী বারবার দাবি জানিয়ে এলেও সড়কের কাজ আর হয়নি। নবীনগর এলাকায় তরুণ আইনজীবী নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমরা পৌর শহরের বাসিন্দা হলেও সড়কটি এলজিইডির অধীনে থাকায় পৌরসভা সড়কের কাজ করতে পারছে না। এ কারণে আমরা বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছি।’ হালুয়াঘাটের দোকানি জাহির মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি এ অবস্থায় থকলেও সংস্কার আর হয় না। এই সড়কের সিএনজি অটোরিকশাচালক ভৈষারপাড় গ্রামের বাসিন্দা মনফর আলী বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ রিকশায় উঠতে চায় না।সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুছ সাত্তার বলেন, ‘এই সড়ক দিয়ে সুরমা নদীর উত্তর পারের লক্ষাধিক মানুষ চলাফেরা করে। অথচ চার বছর ধরে সড়কের বেহাল অবস্থ। আমরা এলজিইডির কাছে বারবার বলেও কোনো ফল পাইনি। মানুষের দুর্ভোগের বিষয়টি তারা আমলে নিচ্ছে না।’ সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান জানান, সড়কটিতে আগে আরসিসি ঢালাই ছিল। এবার নতুন করে কার্পেটিং করতে চেয়েছিল এলজিইডি, তিনি কার্পেটিং না করে আবার আরসিসি ঢালাইয়ের কাজ করতে বলেছেন। সাংসদ বলেন, ‘আরসিসি ঢালাইয়ের ওপর কার্পেটিং টিকবে না। তাই কার্পেটিং না করে আরসিসির কাজ করতে বলেছি।’ এ ব্যাপারে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তামজিদ সওয়ার বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।