সুনামগঞ্জ-ঢাকা বাস ধর্মঘট ভোগান্তিতে যাত্রীরা
বাস ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল চার দিন ধরে বন্ধ রয়েছে। একইভাবে ঢাকা থেকেও সুনামগঞ্জে কোনো বাস আসছে না। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাগামী যাত্রীদের প্রথমে লোকাল বাসে করে সিলেট, পরে সেখান থেকে ঢাকায় যেতে হচ্ছে। এতে অর্থ ও সময় দুই-ই বেশি লাগছে।সিলেটের কুমারগাঁও এলাকার বাইপাসে শৃঙ্খলা রক্ষার নামে বেসরকারি ‘চেকপোস্ট’ বসানোর প্রতিবাদে ঢাকা-সুনামগঞ্জ বাস মালিক সমিতি ১৫ জুলাই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়।ঢাকা-সুনামগঞ্জ বাস মালিক সমিতির কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী আন্তজেলা বাসগুলো সিলেটের কুমারগাঁওয়ে পৌঁছালেই সিলেট-সুনামগঞ্জ বাস মালিক সমিতি, কুমারগাঁও শাখা ও কুমারগাঁও শ্রমিক ইউনিয়নের লোকজন এসব বাস আটকে কাগজপত্র দেখার নামে হয়রানি করে। এ সময় যাত্রীদেরও নানাভাবে হয়রানি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট জালালাবাদ থানার পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।তবে সিলেট-সুনামগঞ্জ বাস মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাবুল বলেন, নিয়ম অনুযায়ী আন্তজেলা বাসে লোকাল যাত্রী পরিবহনের নিয়ম নেই। কিন্তু ঢাকা-সুনামগঞ্জের বাসগুলো এই নিয়ম মানছে না। এ জন্য সিলেট-সুনামগঞ্জ বাস মালিক সমিতির উদ্যোগে কুমারগাঁওয়ে যৌথ চেকপোস্ট বসানো হয়েছে। কুমারগাঁওয়ে গাড়ি চেক করার সময় চেকপোস্টের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে একটি পরিবহনের লোকের কথা-কাটাকাটি হওয়ায় ঢাকা-সুনামগঞ্জের সব পরিবহন বাস চলাচল বন্ধ করে দিয়েছে।সিলেট-সুনামগঞ্জ বাস মালিক সমিতির অপর অংশের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কে যেসব বাসের রোড পারমিট রয়েছে, সেগুলো চলাচলে তাঁরা বাধা দিচ্ছেন না। কিন্তু রোড পারমিটবিহীন বাস চলাচল বন্ধ রাখতে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। তবে চেকপোস্টের বিষয়ে তিনি কিছু জানেন না।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ঢাকা-সুনামগঞ্জ বাস মালিক সমিতির পরিবহনগুলোর দুটি বা তিনটি গাড়ির রোড পারমিট রয়েছে। তা ছাড়া লোকাল যাত্রী বহন করারও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এতে স্থানীয় বাস মালিক সমিতির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই নিজ উদ্যোগে চেকপোস্ট বসিয়েছিলেন। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব হওয়ায় পুলিশ ওই চেকপোস্ট তুলেও দিয়েছে। তিনি বলেন, ‘এর পরও ধর্মঘট করলে পুলিশের কিছু করার নেই।’