
সুনামগঞ্জে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্লাবনে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আরও গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে গতকাল শনিবার দুপুরে দেখা গেছে, বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর ও শক্তিয়ারখলা এলাকায় সড়ক প্লাবিত হয়েছে। সড়কের ওপর দিয়ে ঢলের তীব্র স্রোত বয়ে যাচ্ছে। শক্তিয়ারখলা এলাকায় অন্তত ৫০০ মিটার এবং দুর্গাপুর এলাকায় আরও ৩০০ মিটার সড়ক প্লাবিত হয়েছে। শক্তিয়ারখলা এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোত প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের প্লাবিত হওয়া অংশ নৌকায় পারাপার হচ্ছে মানুষ।
স্থানীয় বাসিন্দা আকবর আলী জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে উজান থেকে প্রচণ্ড গতিতে ঢলের পানি নামছে। গতকাল শনিবার সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রবল বর্ষণ অব্যাহত থাকায় নদ-নদী ও হাওরে পানি বাড়ছে।
দুর্গাপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, এভাবে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে আবার বন্যা হবে। এতে রোপা আমনের ব্যাপক ক্ষতি হচ্ছে।
ভাটিপাড়া গ্রামের বাসিন্দা আরজদ আলী বলেন, ‘আবার বন্যা অইলে আমরা একবারে শেষ অই জাইমু।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতে পানি বাড়ছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হবে।
এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক মাসের কম সময়ের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে গত ১১ আগস্ট পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে আকস্মিকভাবে উপজেলার ৭২ গ্রাম প্লাবিত হয়।
ধোবাউড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা ধোবাউড়া উপজেলায় প্রতিবছর পাহাড়ি ঢল দেখা দেয়। গত ১১ আগস্ট রাতে পাহাড়ি ঢল মারাত্মক আকার ধারণ করলে কয়েকটি এলাকায় নেতাই নদীর পাড় ভেঙে যায়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৭২টি গ্রাম প্লাবিত হয়। আগের ভাঙনগুলো সংস্কার না করায় আবারও পাহাড়ি ঢলে নেতাই নদী উপচে গত শুক্রবার রাত থেকে দক্ষিণ মাইজপাড়া, ঘোষগাঁও ও গামারিতলা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত ঢলের পানি বাড়ছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, আগস্ট মাসের পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যার পানি প্রায় ১৫ দিন ছিল। তাতে উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধান পানিতে তলিয়ে থেকে নষ্ট হয়ে যায়। পানি নামার পর আবারও আমনের চারা রোপণ করা হয়। নতুন করে ঢল দেখা দেওয়ায় আবারও আমন ধান নষ্ট হওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, আগের বারের ঢলে নেতাই নদী পাড়ের ২০টি স্থান ভেঙে গিয়েছিল। ওইগুলো সংস্কারের সুযোগ পাওয়া যায়নি। এখন আবারও নদী উপচে গ্রাম প্লাবিত হচ্ছে। ঢল অব্যাহত থাকলে আরও অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল প্লাবিত গ্রামগুলো পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনে প্লাবিত এলাকায় সরকারি সহযোগিতা দেওয়া হবে।