সুনামগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ থেকে ঢাকাগামী সব বাস চলাচল গতকাল রোববার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকাগামী বাসের শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঢাকাগামী বাসের স্থানীয় প্রতিনিধিরা জানান, ঈদের পর যাত্রীদের চাপ থাকায় সুনামগঞ্জ থেকে অতিরিক্ত কয়েকটি বাস দিয়ে প্রতিবছর যাত্রী পরিবহন করেন তাঁরা। এবারও ঢাকাগামী যাত্রীদের সুবিধার্থে কয়েকটি অতিরিক্ত বাস দিয়ে যাত্রী পরিবহন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শ্রমিকেরা ঢাকাগামী একটি বাস আটকে রাখেন।
একইভাবে শনিবার আবার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় ঢাকাগামী একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এ কারণে শনিবার রাতে ঢাকা থেকে কোনো বাস সুনামগঞ্জে যাত্রী নিয়ে আসেনি। এরপর রোববার সকাল থেকে সুনামগঞ্জ থেকে ঢাকায় কোনো বাস ছেড়ে যায়নি।
সুনামগঞ্জে শ্যামলী পরিবহনের দায়িত্বে থাকা হোসেন আহমদ জানান, প্রায় সময়ই সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শ্রমিকেরা ঢাকাগামী বাসের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাস আটকে রাখেন। এ কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে।’