সুনামগঞ্জ থেকে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম (৩০) খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজনকে আটক করেছে পুলিশ। মাজহারুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সংবাদপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে সিলেট কোতোয়ালি থানার পুলিশ জামালগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় সংবাদপুর গ্রামের তিন সহোদর সুহেল আহমদ, জুহেল আহমদ ও অপু মিয়াকে আটক করে।
সিলেট কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করা হয়েছে। ওই তিনজন হত্যাকাণ্ডের কারণ জানেন বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ আরও জানায়, ব্যবসাসংক্রান্ত কোনো কারণে মাজহারুলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অভিযোগ করে গত বুধবার রাতেই মাজহারুলের বাবা রফিকুল ইসলাম থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন। এতে মাজহারুলের ব্যবহূত একটি মোটরসাইকেল, ল্যাপটপ, মুঠোফোন পাওয়া যাচ্ছে না জানিয়ে সন্দেহজনক কিছু তথ্য উল্লেখ করা হয়। অভিযোগটি রাতেই হত্যা মামলা হিসেবে নেওয়া হয়। রফিকুল বলেন, ‘মাজহারুলের ব্যবহূত জিনিসপত্র না পাওয়ায় ঘটনাটি থেকে এটি পরিকল্পিত খুন বলে আমরা ধারণা করছি।’
সিলেট নগরের তাতীপাড়ার একটি বাসার কক্ষ থেকে গত বুধবার মাজহারুলের লাশ উদ্ধার করে পুলিশ। মাজহারুলের মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন ছিল। নগরের জিন্দাবাজার এলাকায় ওয়ার্ল্ড কমিউনিকেশন নামে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিচালনা করতেন মাজহারুল।