সুনামগঞ্জে আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে মাঠপর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
দেশের সাতটি হাওরপ্রধান জেলার উন্নয়নে কাজ করবে এ অধিদপ্তর। হাওর উন্নয়নে নেওয়া ২৮ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা এ দপ্তরের মাধ্যমেই বাস্তবায়িত হবে। ঢাকার গ্রিন রোডে নতুন এ অধিদপ্তরের প্রধান কার্যালয় রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭৪ সালে ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠনের প্রক্রিয়া শুরুর পর ১৯৭৭ সালে এ বোর্ড গঠিত হয়। কিন্তু ১৯৮৮ সালে বোর্ড বিলুপ্ত হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাতটি হাওরপ্রধান এলাকার উন্নয়নের লক্ষ্যে ২০০০ সালে পুনরায় হাওর উন্নয়ন বোর্ড গঠন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১২ সালে হাওর উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়। গত বছরের মে মাসে ‘হাওর উন্নয়ন বোর্ড’-এর নাম পরিবর্তিত হয়ে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর হয়। তিনি আরও বলেন, এটি একটি নতুন অধিদপ্তর। এখনো প্রয়োজনীয় লোকবল নিয়োগ হয়নি। এ অধিদপ্তরের মাধ্যমে ১৫টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে খুব অল্প সময়ে দেশ অনেক এগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তাঁর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। তিনিই হাওর উন্নয়ন বোর্ডকে শক্তিশালী করে অধিদপ্তর করেছেন। হাওর এলাকার উন্নয়নে কোনো প্রকল্প দেখলেই তিনি সানন্দে অনুমোদন দিয়ে দেন। প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই অধিদপ্তরের কাজের মাধ্যমে হাওর এলাকার জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে।
অতিথিরা এই অনুষ্ঠানের আগে পৌর শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় নদীভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেন। বিকেলে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জেলার জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ফেসিরবাজার এলাকায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।