সুনামগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি মুহিবুর গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক জঙ্গিকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. মুহিবুর রহমান।১৯৯৬ সালে কক্সবাজারের উখিয়ায় একটি জঙ্গি প্রশিক্ষণশিবির থেকে যৌথ বাহিনীর হাতে আটক হওয়া ৪১ জন জঙ্গির একজন ছিলেন মুহিবুর। পরে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু এর আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপন করেন।গতকাল শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাতক উপজেলার গাগলাজুর গ্রাম থেকে গত শুক্রবার দুপুরে মহিবুরকে গ্রেপ্তার করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার হরীতলা গ্রামে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে মুহিবুর জানিয়েছেন, ১৯৯৬ সালে তিনি একটি মাদ্রাসার নবম শ্রেণীতে পড়তেন। ওই সময় মিয়ানমারের আরাকান প্রদেশে মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে সে দেশের সরকার। তখন বাংলাদেশের এক গোষ্ঠী ‘দাওয়াতে বাংলাদেশ ইসলামী’ ও ‘দাওয়াতে কাফেলা’ নামক সংগঠন তৈরি করে মিয়ানমারে নিপীড়িত মুসলমানদের সহযোগিতা করার প্রচারণা চালায়। তারা দেশের মাদ্রাসাগুলোতে ‘সাথি সমাবেশ’ করে আরাকানের মুসলিমদের সাহায্য-সহযোগিতার আহ্বান জানালে মুহিবুর তাতে সাড়া দেন। একপর্যায়ে তিনি কক্সবাজারের উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণশিবিরে যোগ দেন।র্যাব ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি উখিয়ায় জঙ্গি প্রশিক্ষণশিবিরে অভিযান চালায় সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের একটি যৌথ দল। সেখান থেকে আটক করা হয় ৪১ জন জঙ্গিকে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা হয়। আদালত ওই মামলায় ৪১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মামলায় পাঁচ বছর জেল খেটে মুহিবুর উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।র্যাব সূত্র জানায়, জামিনে মুক্তির পর মুহিবুর আত্মগোপন করে ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে যোগ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় হন। মাস খানেক ধরে তিনি নিজের নাম গোপন করে ‘আবদুর রহমান’ নামে ছাতকে অবস্থান করছিলেন। তাঁকে ছাতক থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তবে ছাতক থানার ওসি শাহজাহান মুন্সি গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁর এলাকা থেকে কোনো জঙ্গি আটক বা গ্রেপ্তারের খবর তিনি জানেন না।