সুনামগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে ৮ কাউন্সিলরের সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গতকাল সোমবার দুজন নারী কাউন্সিলরসহ আটজন কাউন্সিলর সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভা পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারী মনোভাব পরিবর্তন ও অনিয়ম বন্ধ না করলে মেয়রের বিরুদ্ধে ‘আস্থাহীনতা’ প্রকাশে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে জানান এই কাউন্সিলররা।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান। এ সময় কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ, মো. শামসুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আহমদ নুর, জহুর মিয়া লিটন, নারী কাউন্সিলর সুজাতা রানী রায় ও সৈয়দা জাহানার বেগম উপস্থিত ছিলেন।কাউন্সিলররা অভিযোগ করেন, শহরের মমিনুল মউজদীন আর্দশ শিশু শিক্ষানিকেতনের খাতাপত্র ও পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের নাম মেয়র একক সিদ্ধান্তে পাল্টে দিয়েছেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।এ ব্যাপারে কথা বলার জন্য প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার পৌর মেয়র আয়ূব বখত জগলুলের মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তিনি কাউন্সিলরদের সব অভিযোগ মিথ্যা দাবি করে সাংবাদিকদের বলেছেন, এই কাউন্সিলররাই অতীতে পৌরসভাকে লুটেপুটে খেয়েছেন। এখন লুটপাট করতে না পেরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় আবদার রাখি না, কাউকে কোটেশনও দিই না। পৌরসভার সব দরপত্র ও দোকান বরাদ্দ নিয়মমাফিক হয়েছে। পৌরসভাও নিয়মতান্ত্রিকভাবে চলছে।’