সুনামগঞ্জ বিএনপিতে বিভেদ কমেনি
সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি পুনর্গঠন করা হয়েছিল দলের বিবদমান দুই পক্ষের মধ্যে বিভেদ কমাতে। কিন্তু এই বিভেদ কমেনি, বরং আরও বেড়েছে। দুই পক্ষ নানা কর্মসূচির মাধ্যমে শহরে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। গতকাল বুধবার এক পক্ষ শহরে মিছিল ও সমাবেশ করেছে। একইভাবে গত বোরবার শহরে মিছিল ও সমাবেশ করে অপর পক্ষ। দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপি দীর্ঘদিন থেকে দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মোহামঞ্চদ ফজলুল হক। অন্য পক্ষের নেতা জেলা কমিটির সহসভাপতি ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল। দলের এই বিরোধ মেটাতে কেন্দ্র থেকে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল হয়নি। সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বছরের ২৬ এপ্রিল কেন্দ্র থেকে মোহামঞ্চদ ফজলুল হককে সভাপতি, সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু এক পক্ষ এই কমিটি মেনে না নিয়ে বাতিলের দাবি জানায়। পরে কেন্দ্র থেকে আবার কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। দুই পক্ষের বিভেদ মেটানোর লক্ষ্যে গত ২২ অক্টোবর কেন্দ্র থেকে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফারুক আহমদের বদলে সাংগঠনিক সম্পাদক করা হয় আ স ম খালিদকে। কিন্তু কমিটি ঘোষণার পর জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভেদ আরও বাড়ে। সংবাদ সমেঞ্চলন করে কমিটি বাতিলের দাবি জানান সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। নাছির উদ্দিন চৌধুরী ও দেওয়ান জয়নুল পক্ষ গতকাল শহরে বড়সড় জমায়েতের মাধ্যমে মিছিল ও সমাবেশ করে নিজেদের অবস্থান জানান দেয়। দুপুরে শহরের সার্কিট হাউসের সামনে থেকে তাঁরা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মিছিল বের করেন। মিছিল শেষে ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশ করা হয়। দলে ঐক্য-প্রক্রিয়া বিষয়ে নাছির চৌধুরী বলেন, ‘এটা দলের নয়, দুই ব্যক্তির পদ রক্ষার ঐক্য হয়েছে। আমরা সুস্থধারার রাজনীতি করি। দলের বেশির ভাগ নেতা-কর্মীই আমাদের সঙ্গে।’ তিনি বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পদ রক্ষায় কেন্দ্রকে ভুল বুঝিয়ে যে কমিটি অনুমোদন করিয়ে এনেছেন; তাতে দলের নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি।’ জেলা কমিটির সাধারণ সম্পাদক কলিমউদ্দিন আহমদ বলেন, ‘কমিটি পুনর্গঠনে উদ্দেশ্যমূলকভাবে কিছু করা হয়নি। বিএনপি একটি বড় দল। এ নিয়ে কারও কোনো কথা থাকলে সেটা সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।’ গতকালের সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সহসভাপতি দেওয়ান জয়নুল, আবদুল মোতলেব খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির নেতা আ ত ম মিসবাহ, এ টি এম হেলাল, আইনজীবী আবদুল হক, রাখাব উদ্দিন, মহিনুর ইসলাম প্রমুখ।