সুনামগঞ্জ বিএনপিতে বিরোধ বেড়েছে
সুনামগঞ্জ জেলা বিএনপির বিরোধ আরও বেড়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সব কর্মসূচি তিন ভাগে বিভক্ত হয়ে পালন করছেন নেতা-কর্মীরা। বিভক্তি রয়েছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও। কেন্দ্র থেকে চেষ্টা করেও এই অনৈক্য দূর করা যায়নি।
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৬ এপ্রিল জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর সেটি প্রত্যাখ্যান করে দলের একাংশ। তারা কমিটি বাতিলের দাবি জানায়। একই বছরের ২২ নভেম্বর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন। আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক রেখে নতুন কমিটিতে আ স ম খালিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। পুনর্গঠিত কমিটি ঘোষণার আগে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষে থাকলেও পরে সাধারণ সম্পাদক সভাপতির পক্ষে যোগ দেন। মূলত কমিটি গঠন নিয়েই জেলা বিএনপি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
দলের এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ। আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দুই সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ কয়েকজন সাবেক ছাত্রনেতা। তিন পক্ষই পৃথকভাবে দলের সব কর্মসূচি পালন করছে। হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে সব পক্ষই নিজেদের সর্বোচ্চ জমায়েত দেখানোর চেষ্টা করছে। গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান জেলায় দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে সুনামগঞ্জ সফরে আসেন। তিনি সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষকে নিয়ে শহরের একটি কমিউনিটি সেন্টারে সভা করেন। এরপর সুনামগঞ্জ থেকে চলে যেতে চাইলে অন্য দুই পক্ষের নেতা-কর্মীরা তাঁদের পথরোধ করেন। পরে তিনি তাঁদের সঙ্গেও আলাদাভাবে বসে বৈঠক করতে বাধ্য হন।
দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘কমিটি গঠন নিয়েই মূলত এই বিভক্তি। কমিটি পুনর্গঠনের কথা বলে যে ঐক্য হয়েছিল, সেটি ছিল সভাপতি ও সম্পাদকদের মধ্যে, বিভিন্ন পক্ষের মধ্যে নয়। যে কারণে দলের বিভক্তি রয়েই গেছে। তবে আমরা মাঠে সব সময় সক্রিয় আছি।’
কলিম উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এর ভেতরে কিছু সমস্যা থাকতেই পারে। আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে সফলতা আছে। আশা করি, সামনে কোনো বিভেদ থাকবে না।’