সুনামগঞ্জ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দশ মাসেও হয়নি
সুনামগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের পৃথক সম্মেলনের পর এক পক্ষের দুই নেতাকে কেন্দ্র থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করার ১০ মাসেও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কেন্দ্র থেকে দুই পক্ষের নেতাদের নিয়ে ‘সমঝোতা বৈঠক’ করলেও তাতে কাজ হয়নি। দুই পক্ষই স্থানীয় ও কেন্দ্রীয় সব কর্মসূচি আলাদাভাবে পালন করছে।দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি দীর্ঘদিন থেকে দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক হুইপ এবং জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী। অপর পক্ষে আছেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন।গত বছরের ২৫ নম্বেভর জেলা বিএনপির দুই পক্ষ শহরে পৃথকভাবে সম্মেলন করে। এক পক্ষ ফজলুল হককে সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। অপর পক্ষ নাছির উদ্দিন চৌধুরীকে সভাপতি ও দেওয়ান জয়নুল জাকেরিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। এরপর নিজেদের কমিটি অনুমোদনের জন্য দুই পক্ষের নেতারা চেষ্টা চালিয়ে যান। গত বছরের ৬ ডিসেম্বর কেন্দ্র থেকে ফজলুল হককে জেলা কমিটির সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়। কিন্তু অপর পক্ষ তা মানেনি। এরপর দুই পক্ষ থেকে কেন্দ্রে পৃথক দুটি তালিকা জমা দেওয়া হয়। পরে দুই পক্ষের নেতাদের নিয়ে গত ১ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। কিন্তু তাতে কোনো সমঝোতা হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী জানান, কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি অনুমোদন দেওয়া হয়েছে। এখনো তা বহাল আছে। পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।অপর পক্ষের নেতা দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, সুনামগঞ্জে পৃথক সম্মেলন করে দুটি কমিটি গঠন করা হয়েছিল। পরে কেন্দ্রের দুই নেতাকে বিষয়টি সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়। তাঁরা তাঁদের সুপারিশ কেন্দ্রে জমা দিয়েছেন। আশা করি, শিগগির জেলা বিএনপির কমিটির বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে।