সুনামগঞ্জ বিএনপির সমঝোতা বৈঠক আজ ঢাকায়
সুনামগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের নেতাদের নিয়ে ঢাকায় আজ বৃহস্পতিবার সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষ পৃথক সম্মেলন করার নয় মাস পর উভয় পক্ষের নেতাদের নিয়ে বসার উদ্যোগ নেন কেন্দ্রীয় নেতারা।দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী। অন্য পক্ষে আছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকেরিন।গত বছরের ২৫ নভেম্বর জেলা বিএনপির দুই পক্ষ সুনামগঞ্জ শহরে পৃথক সম্মেলন করে। ফজলুল হক সভাপতি, রফিক চৌধুরী সাধারণ সম্পাদক ও আবুল মনসুরকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। অপর কমিটি ঘোষণা দেওয়া হয় নাছির উদ্দিন চৌধুরীকে সভাপতি, দেওয়ান জয়নুল জাকেরিনকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে। কমিটি অনুমোদনের জন্য দুই পক্ষের নেতারা চেষ্টা চালিয়ে যান। দলের কেন্দ্রীয় সম্মেলনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে ফজলুল হক ও রফিক চৌধুরীকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু অপর পক্ষ তা মেনে নেয়নি। এরপর দুই পক্ষ থেকে কেন্দ্রে দুই কমিটি দাখিল করা হয়েছে। এই দুই কমিটি নিয়েই আজকের সভায় আলোচনা হবে।দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আজকের বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী উপস্থিত থাকবেন। চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী দুই পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করে বৈঠকে একটি ‘সমঝোতা কমিটি’ ঘোষণা করা হতে পারে।