সুনামগঞ্জ বিএনপির সমঝোতা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের নেতাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় বৈঠক হলেও সমঝোতা হয়নি। বৈঠক শুরুর কিছু সময় পর এক পক্ষের নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরে সভা থেকে চলে আসেন। নয়াপল্টনে দলের কার্যালয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে দুপুরে এই বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের নেতাদের নিয়ে একটি ‘সমঝোতা কমিটি’ করার লক্ষ্যে গতকাল এই বৈঠক হয়। এর আগে গত ১৬ আগস্ট কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষ প্রাথমিক আলোচানায় কিছু শর্তে বৈঠকে বসতে রাজি হয়। এসব শর্ত থেকে কেন্দ্রীয় নেতারা সরে এসেছেন দাবি করে ফজলুল হক পক্ষের নেতারা গতকাল বৈঠক শুরুর কিছু সময় পর চলে আসেন। সমঝোতা বৈঠকে বসার শর্ত ছিল, ১৫১ সদস্যের জেলা কমিটির ৫০ জনের নামের তালিকা দেবেন সাবেক দুই সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিন। কিন্তু গতকাল বৈঠক শুরু হলে কেন্দ্রীয় নেতারা উপজেলা পরিষদের কয়েকজন চেয়ারম্যানের মনোনীত ব্যক্তিদের অন্তর্ভুক্তির পরামর্শ দেন। এই পরামর্শ মেনে নেননি ফজলুল হক পক্ষের নেতারা। একই সঙ্গে তাঁরা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কেন কমিটিতে রাখা হবে—এ নিয়ে প্রশ্ন তোলেন। এরপর তাঁরা তাঁদের বক্তব্য দিয়ে সভা থেকে বেরিয়ে আসেন। বৈঠকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক চৌধুরী। অপর পক্ষে আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধরণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন।