সুনামগঞ্জ লঞ্চঘাটে ঝুঁকিপূর্ণ পন্টুন, যাত্রীদের ভোগান্তি
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাটের পন্টুনটি আটকে রাখার দুটি খুঁটির মধ্যে একটি ভেঙে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে পন্টুনে ওঠানামার সিঁড়িটিও। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও পন্টুন সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
লঞ্চঘাটের ইজারাদার ও স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সুনামগঞ্জ শহর থেকে এই লঞ্চঘাট দিয়েই ধরমপাশা, জামালগঞ্জ, ছাতক ও মধ্যনগর উপজেলায় মানুষ যাতায়াত করে। সব মিলিয়ে প্রতিদিন গড়ে দু্ই থেকে আড়াই হাজার যাত্রী এখান থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করে। ২০০৭ সালের শেষ দিকে পন্টুনে ওঠানামার সুবিধার্থে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে একটি সিঁড়ি নির্মাণ করা হয়। কিন্তু সেটি দুই বছর যেতে না-যেতেই ভেঙে পড়ে। একইভাবে পন্টুন আটকানোর ইস্পাতের দুটি খুঁটির একটি গত বর্ষা মৌসুমে ভেঙে গেছে।
লঞ্চযাত্রী মামুনুর রহমান বলেন, ভাঙা সিঁড়ি দিয়ে নারী ও শিশুদের নিয়ে ওঠানামা করা খুবই বিপজ্জনক। নদীতে এখন স্রোত বেশি। সিঁড়িটির যে অবস্থা, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ইজারাদার সাজ্জাদ মাহবুব তালুকদার বলেন, এ লঞ্চঘাট বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ অঞ্চলের অধীন। তাঁদের পক্ষ থেকে সিঁড়িসহ পন্টুন সংস্কারের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ মুসলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সেখানে আমাদের লোক যাবে। পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’