সুনামগঞ্জ শহরে চাঁদাবাজি ছিনতাই বেড়েছে
সুনামগঞ্জ শহরে চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গেছে। গত সপ্তাহে একটি খুনের ঘটনাও ঘটেছে। এ নিয়ে উদ্বিগ্ন শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। একই সঙ্গে তাঁরা ক্ষুব্ধ পুলিশের ওপর। তাঁদের অভিযোগ, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাছননগর এলাকায় এক নারীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক বা জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। গত বুধবার সকালে উকিলপাড়ার মোড়ে দুই তরুণীর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গত সোমবার শহরের চাঁদনীঘাট এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীদের মারধর করেছে চাঁদাবাজেরা। ব্যবসায়ীরা এ নিয়ে শহরে বিক্ষোভ করেন। পরে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।১০ এপ্রিল শহরের কাজির পয়েন্টে তেঘরিয়া এলাকার সাইদুল হক (১৬) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে কয়েকজন যুবক। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এক যুবককে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। এ ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে সাইদুলের লাশ নিয়ে শহরে বিক্ষোভ করে তেঘরিয়াবাসী।শহরের সুরমা মার্কেট, মধ্যবাজার, পশ্চিমবাজার ও চাঁদনীঘাট এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। চাঁদাবাজদের কারণে মধ্যবাজারের এক ব্যবসায়ী সম্প্রতি তাঁর রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। চাঁদনীঘাটের ব্যবসায়ী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ আরও কয়েকজন জানান, এসব এলাকায় চাঁদাবাজি বেড়ে গেছে। সুরমা নদীর তীরে নৌকা-কার্গো ভেড়ালেও চাঁদা দিতে হয়। এ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মধ্যবাজারের ব্যবসায়ী মালেকুল হক বলেন, ‘পুলিশ চাঁদাবাজদের চেনে, কিন্তু ব্যবস্থা নেয় না। আমরা অসহায়।’ একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে নিজেদের উদ্যোগে দুজন নৈশপ্রহরী নিয়োগ করেছে বনানীপাড়াবাসী। এ পাড়ার বাসিন্দা আইনজীবী এ কে এম মহিম বলেন, ‘পুলিশ সবই জানে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।’সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সন্ত্রাসী ক্ষমতাসীন দলের হলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।’ সুনামগঞ্জ পৌরসভার মেয়র নুরুল ইসলাম বলেন, ‘শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বখাটেপনাও আছে। পুলিশ এখনই ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে।’সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি গত বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেন। পরে সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টি তুলতেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে আর কথা বলা যায়নি। তবে এর আগে সাইদুল হত্যার ঘটনায় এক আসামিকে ছেড়ে দেওয়ার কথা ওসি স্বীকার করে বলেছিলেন, ‘যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন মামলা হয়নি। মামলা হয়েছে পরে।’সুনামগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।