সুনামগঞ্জ সদর আসনে আ.লীগ-জাপার চমক
সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনের মধ্যে সদর আসন ছাড়া অন্য চারটিতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হয়নি। সদর আসনে চমক দেখিয়েছে আওয়ামী লীগ। অবশ্য জাতীয় পার্টিও কম যায়নি। দুই দলই যুবলীগের কেন্দ্রীয় দুই নেতাকে প্রার্থী করায় এ নিয়ে সর্বত্রই চলছে জল্পনা-কল্পনা।
সুনামগঞ্জ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এম এনামুল কবির (ইমন)। আর জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে যুবলীগের কেন্দ্রীয় শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহকে। দুজনই তরুণ, পরিচিত মুখ। দুজনের বাড়িও জেলা শহরের একই পাড়ায়—হাসননগরে। ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু তাঁদের। অবশ্য পীর ফজলুর রহমান জাপার মনোনয়ন নেওয়ার আগে যুবলীগ থেকে পদত্যাগ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এনামুল কবির ও পীর ফজলুর রহমান দুজনই পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এনামুল কবিরের বাবা প্রয়াত আবদুর রইছ সুনামগঞ্জ-৩ আসনে দুবার সাংসদ হয়েছিলেন আওয়ামী লীগের টিকিটে। তাঁর মা প্রয়াত রফিকা রইছ চোধুরী ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর বড় ভাই খায়রুল কবির (রুমেন) জেলা আওয়ামী লীগের সদস্য।
অপরদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমানের বড় ভাই মতিউর রহমান পীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। আরেক বড় ভাই সাংবাদিক পীর হাবিবুর রহমানও ছাত্রলীগ করতেন।
সুনামগঞ্জ-৪ আসনে ২০০৮ সালের সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বেগম মমতাজ ইকবাল। কিন্তু নির্বাচনের কয়েক মাস পর তিনি মারা গেলে উপনির্বাচনে সাংসদ হন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। এবার দল এনামুল কবিরকে মনোনয়ন দিয়েছে।
এনামুল কবির বলেছেন, ‘নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি নান্দনিক সুনামগঞ্জ গড়ার জন্য কাজ করি। সুনামগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে সেই কাজকে এগিয়ে নিতে চাই।’
পীর ফজলুর রহমান বলেছেন, ‘আমি সাধারণ পরিবারের সন্তান। নিরহংকার মানুষ। রাজনীতির পাশাপাশি সুনামগঞ্জবাসীর অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। আশা করি, সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে জনগণ আমার পক্ষেই রায় দেবেন।’