সুনামগঞ্জ সদর হাসপাতালে ইসিজি সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতালে গতকাল রোববার থেকে ইসিজি সেবা চালু হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মতবিনিময় সভায় সাংসদ বলেন, জেলার ২৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা এই হাসপাতাল। অথচ হৃদ্রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা ইসিজির কোনো ব্যবস্থা এখানে ছিল না। এখানে হৃদ্রোগে আক্রান্তদের চিকিৎসাসেবার জন্য চার শয্যার আইসিইউ ও দুই শয্যার সিসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ গোলদার, সামিউল হক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহছান উজ জামান খান প্রমুখ।
এহছান উজ জামান খান বলেন, ‘আমার জানামতে এই হাসপাতালে এর আগে ইসিজি সেবা চালু ছিল না। এই সেবার জন্য কেউ এলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতো। এখন থেকে এই সেবা সুনামগঞ্জ সদর হাসপাতালে পাওয়া যাবে।’