সুনামগঞ্জ সদর হাসপাতালটি ২৫০ শয্যার। হাসপাতালে ৬৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ছয়জন। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় প্রসূতিসহ সব ধরনের জটিল অস্ত্রোপচার দুই বছর ধরে বন্ধ। চিকিৎসক-সংকটে ন্যূনতম স্বাস্থ্যসেবাও পাচ্ছে না জেলাবাসী।হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালটি ১৯৯৮ সালে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। কিন্তু লোকবল আর বাড়ানো হয়নি। ২০১০ সালের শুরুর দিকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। অবকাঠামোর উন্নতি হলেও লোকবল ৫০ শয্যারই থেকে যায়। দোতলা এই হাসপাতালে সার্জারি, শিশু, গাইনি, অ্যানেসথেসিয়া, চক্ষু, চর্ম ও যৌন এবং নাক, কান ও গলা বিভাগে কোনো চিকিৎসকই নেই। হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা ২৪ জন। এর মধ্যে আছেন মাত্র একজন। জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সার্জারির চিকিৎসক বিশ্বজিৎ গোলদার প্রেষণে (ডেপুটেশনে) সদর হাসপাতালে কাজ করছেন। কিন্তু দুই বছর ধরে অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ) না থাকায় কোনো অস্ত্রোপচারও করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া হাসপাতালটির জরুরি বিভাগে চারজন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা। এই পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের তিন চিকিৎসক (সহকারী সার্জন) অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাঝেমধ্যে জরুরি বিভাগে এসে সেবা দেন। এ অবস্থায়ও প্রতিদিন তিন থেকে চার শ রোগী হাসপাতালের বহির্বিভাগে আসে। কিন্তু চিকিৎসকদের অভাবে রোগীদের ব্যবস্থাপত্র দেন ফার্মাসিস্ট ও চিকিৎসকদের সহকারীরা। চিকিৎসক-সংকটের মতো হাসপাতালে সেবিকাদেরও অভাব রয়েছে। ৬২টি পদের বিপরীতে আছেন ২৩ জন। সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের আজিজুর রহমান জানান, তিনি তাঁর এক প্রসূতি আত্মীয়কে নিয়ে কয়েক দিন আগে সদর হাসপাতালে যান। সেখানে তাঁকে জানানো হয়, অস্ত্রোপচার হবে না। পরে তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ১৪ হাজার টাকা খরচ করে অস্ত্রোপচার করাতে বাধ্য হন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘চিকিৎসক না থাকায় ফার্মাসিস্টরা রোগী দেখেন। দূরদূরান্ত থেকে মানুষজন আশা করে হাসপাতালে আসে চিকিৎসার জন্য, তাদের একেবারে বিমুখ করার চেয়ে এটা তো ভালো।’হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মহসিন করিম জানান, ‘হাসপাতাল চালাতে হিমশিম খাচ্ছি। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সেবা প্রদানে সমস্যা হচ্ছে। চিকিৎসক ও সেবিকা সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো প্রতি মাসের প্রতিবেদনে উল্লেখ করি। তবু সমস্যার সমাধান হচ্ছে না।’