সুনামগঞ্জ সদর হাসপাতালে নবজাতক চুরির চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গতকাল সোমবার এক শিশুকে চুরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হাসপাতালে থাকা লোকজন এক নারীকে আটক করে ওই শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ফেরদৌসী বেগম তাঁর ২৮ দিন বয়সী শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক নিউমোনিয়ায় আক্রান্ত ওই শিশুকে ভর্তি করেন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই ওয়ার্ডের ১৩ নম্বর শয্যায় শিশুটির পাশে মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে উপজেলার উজানীগাঁও গ্রামের পারুল বেগম কৌশলে শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির দাদি ফলুবাহার তা দেখে চিৎকার দেন। পরে ওয়ার্ডের সেবিকাসহ অন্যরা এসে পারুলকে শিশুসহ আটক করে। এরপর পুলিশকে জানালে পুলিশ গিয়ে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। একই ওয়ার্ডের ১৫ নম্বর শয্যার সদর উপজেলার সৈয়দপুর গ্রামের হনুফা বেগম অভিযোগ করেন, পারুল বেগম রোববার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করে। পরে তিনি চিৎকার দিলে ছেলেকে শয্যায় রেখে পারুল পালিয়ে যায়।