সুনামগঞ্জ সরকারি কলেজে অছাত্রদের উৎপাত বেড়েছে
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বেড়ে গেছে। একাদশ শ্রেণীর পাঠদান শুরু হওয়ার পর থেকে এই উৎপাত আরও বেড়েছে। কলেজ কর্তৃপক্ষ অছাত্রদের অনুপ্রবেশ ঠেকাতে গত বুধবার ক্যাম্পাসে পুলিশ ডাকে। পরে শিক্ষার্থীদের পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। কলেজ সূত্রে জানা যায়, এমনিতেই কলেজে বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল। গত সপ্তাহে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হওয়ার পর থেকে অছাত্রদের যাতায়াত আরও বেড়ে যায়। তারা বিভিন্ন ছাত্রসংগঠনের হয়ে ক্যাম্পাসে যাওয়া-আসা করে। গত সোম ও মঙ্গলবার ক্যাম্পাসে বহিরাগতদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা জানান, একাদশ শ্রেণীর পাঠদান শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ছাত্রসংগঠন কলেজে মিছিল করে। এসব সংগঠনের হয়েই বহিরাগতরা ক্যাম্পাসে যাওয়া-আসা করছে। এদের দ্বারা ছাত্রীরা নানাভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছেন। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, এরা তো ছাত্র না। ক্লাস চলার সময় বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করে, গান গায়। নানা রকম উচ্ছৃঙ্খল আচরণ করে। দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, ‘বহিরাগতরা কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। কলেজে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেই এ সমস্যা বাড়ে। এদের উৎপাত সহ্য করতে হয়। ছাত্রসংগঠনগুলোর কারণেই এই অছাত্ররা ক্যাম্পাসে আসার সাহস পায়।’সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ ছাত্রসংগঠনগুলোকে বলেও দিয়েছে। কিন্তু অনেকেই সেটা মানছে না। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।’ সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম জানান, কলেজের কোনো সীমানাপ্রাচীর নেই। তাই বহিরাগতরা সহজেই ক্যম্পাসে প্রবেশ করতে পারে। ছাত্রসংগঠনগুলোর হয়ে অছাত্ররা যাতে কলেজে না আসে, সে জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।