সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে মিলনায়তনের ভেতর ঢুকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের আট নেতা-কর্মীকে আটক করেছে। হামলার সময় ওই অনুষ্ঠানের মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মতিউর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটসহ শিক্ষকেরা বসা ছিলেন। তবে সাংসদ বলেছেন, ‘হামলাকারীরা ছাত্রলীগের নয়, এরা ছাত্রলীগ নামধারী।’ কলেজ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্র জানায়, গতকাল শনিবার সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন একটি ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধন শেষে সাংসদ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা শুরুর পর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে ক্যাম্পাসে যান। তাঁরা লাঠিসোঁটা নিয়ে মিলনায়তনে ঢুকে ছাত্রলীগের বিবদমান অপর পক্ষের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় মিলনায়তনের ভেতরে থাকা ছাত্রীরা আতঙ্কে কান্না শুরু করেন। লাঠির আঘাতে ও তাড়াহুড়া করে বের হতে গিয়ে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে তিনজন ছাত্রীও আছেন। এ ছাড়া ছাত্রলীগের কর্মী তপু ও সুমন রামদার আঘাতে আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সাধারণ শিক্ষার্থীরা জানান, দুই দফা হামলার ঘটনায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে চলে যান। এরপর শিক্ষকেরা অনুরোধ করে কিছু শিক্ষার্থীকে মিলনায়তনে ভেতর ডেকে আনেন। তখন সাংসদ মতিউর রহমান আবার বক্তব্য দেন। সংসদের বক্তব্যের পর ছাত্ররা তাঁর সামনেই এ ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন।কয়েকজন ছাত্রী জানান, মিলনায়তনের ভিতরে সবাইকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। সেখান থেকে বের হতে গিয়ে ছাত্রীরাই বেশি আঘাত পেয়েছেন। ক্ষোভ প্রকাশ করে এক ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘জেলা আ.লীগের বড় দুই নেতা এবং পুলিশের উপস্থিতিতে ন্যক্কারজনক এই ঘটনায় আমরা হতবাক। এ রকম ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি জীবনে হইনি।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট জানান, এ ঘটনার পর দলের সভাপতি ও সাংসদ মতিউর রহমানের উপস্থিতিতে তাঁরা জরুরি বৈঠক করেছেন। ছাত্রলীগের সঙ্গে অছাত্রদের যুক্ত করার কারণেই এ ঘটনা ঘটেছে। তাই সুনামগঞ্জে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মতিউর রহমান তাঁর বক্তব্যে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে সবার কাছে দুঃখ প্রকাশ করেন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী। এদের কাউকেই ছাড়া হবে না।’ এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ছাত্রলীগের দুই পক্ষের আটজনকে আটক করেছে।’