সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি ফরম বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ ও ছাত্রদলের ভর্তি ফরম দাবিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার ফরম বিক্রি করতে পারেনি। এতে বিপাকে পড়ে প্রত্যন্ত এলাকা থেকে আসা অসংখ্য শিক্ষার্থী।কলেজ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্যতা হিসেবে কলেজের মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৩ পাওয়া ৪৫০ জন, বিজ্ঞান বিভাগে জিপিএ-৪ পাওয়া ১৫০ জন ও বাণিজ্য বিভাগে জিপিএ-২.৫ পাওয়া ১৫০ জন ভর্তির সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার থেকে ফরম বিক্রি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ছাত্রলীগের পরিচয় দিয়ে একদল ছাত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের কাছে ৫০টি ভর্তি ফরম দেওয়ার দাবি জানায়। কিছুক্ষণ পর ছাত্রদলের পরিচয় দিয়ে কয়েকজন গিয়ে জানায়, ছাত্রলীগকে নিয়মবহির্ভূতভাবে ফরম দিলে তাদেরও দিতে হবে। একপর্যায়ে এই নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ ফরম বিক্রি বন্ধ করে দেয়। যোগাযোগ করা হলে কলেজ ছাত্রলীগের একাধিক কর্মী জানান, মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-২.৫ পাওয়াদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া প্রত্যন্ত এলাকা থেকে আসা ছাত্রছাত্রীরা যাতে সহজে ফরম পায়, সে জন্য তাঁরা কিছু ফরম চেয়েছিলেন। ছাত্রদলের কর্মীরা জানান, তারাও মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-২.৫ পাওয়াদের ভর্তির সুযোগ দেওয়ার পক্ষে। ছাত্রলীগ দলীয়ভাবে ফরম চাওয়ায় তাঁরাও চেয়েছেন। জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, প্রথমে ছাত্রলীগ, পরে ছাত্রদল দলীয়ভাবে ভর্তি ফরম দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়। আপাতত ফরম বিক্রি বন্ধ রাখা হয়েছে।