সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু হয়েছে। চলতি মাস থেকেই ডিগ্রি কোর্সের বিএ ও বিএসএস বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবিতে কয়েক বছর ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দাবি জানিয়ে আসছিল। কলেজ সূত্রে জানা গেছে, আগামী ১০ এপ্রিল থেকে ডিগ্রি কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। সুনামগঞ্জ মহিলা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায় জানান, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা মহিলা কলেজে পড়তে আসেন। কিন্তু ডিগ্রি কোর্স না থাকায় অনেকেই নানা কারণে এইচএসসি পাস করার পর লেখাপড়া বন্ধ করে দিতেন। তাই শিক্ষার্থী, অভিভাবকসহ সুনামগঞ্জবাসীর দাবি ছিল, কলেজে ডিগ্রি কোর্স চালু করা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহামঞ্চদ বিলাল উদ্দিন বলেন, ‘কলেজে ডিগ্রি কোর্স চালু হওয়ায় শিক্ষার্থী-শিক্ষক সবাই আনন্দিত। সুনামগঞ্জের জন্য এটি খুবই জরুরি ছিল। এখানে ডিগ্রি কোর্সে শিক্ষার্থীদের পর্যাপ্ত বিষয়ও রয়েছে।’