সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে গত বুধবার রাতে ভাঙচুর চালিয়েছেন এক দল যুবক। জানা গেছে, সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৬৭ জন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। গত ২৭ জুন চতুর্থ শ্রেণীর ৯৯ জন কর্মচারীর নিয়োগ চূড়ান্ত করে তাঁদের নামে নিয়োগপত্র পাঠানো হয়েছে। এসব পদে শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। বুধবার রাতে নিয়োগবঞ্চিত এক দল যুবক ওই নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সিভিল সার্জনের কক্ষের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবকেরা চলে যান। এ ব্যাপারে রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিভিল সার্জন হারিস উদ্দিন।অভিযোগ সম্পর্কে সিভিল সার্জন জানান, সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি। যাঁরা নিয়োগ পাননি, তাঁরাই নানা কথা বলে বেড়াচ্ছেন।হারিস উদ্দিন আরও জানান, সুনামগঞ্জের কয়েকজন সাংসদ তাঁদের তালিকা দিয়ে এ বিষয়ে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁদের সব অনুরোধ রাখা যায়নি।সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাংসদ মতিউর রহমান জানান, এলাকার সাংসদ হিসেবে গরিব ছেলেমেয়েদের জন্য আমরা অনুরোধ করতেই পারি। কিন্তু তিনি (সিভিল সার্জন) সেই অনুরোধ না রেখে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ আছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীকেও জানানো হয়েছে।