সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের ১৬৮ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ কেন অবৈধ হবে না, এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন। সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা মালেক হোসেনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত নিয়োগসংক্রান্ত সব কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন। রিট আবেদনের শুনানি শেষে গত রোববার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের বেঞ্চ এই আদেশ দেন।সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে ১৬৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর শুধু মৌখিক পরীক্ষা নিয়ে গত ২৮ জুন ১২০ জনের নামে নিয়োগপত্র পাঠানো হয়। ওই দিনই নিয়োগে অনিয়মের অভিযোগ এনে শহরে মিছিল ও সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে। নিয়োগ বাতিলের দাবিতে লিখিত অভিযোগও করা হয়। এর পরিপ্রেক্ষিতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১৮ জুলাই সুনামগঞ্জ এসে কমিটির সদস্যরা তদন্ত করে যান। এ সময় নিয়োগবঞ্চিত লোকজন সিভিল সার্জন ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেনের বিষয়ে কমিটির কাছে অভিযোগ করেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো তা জমা দেয়নি বলে জানা গেছে।সুনামগঞ্জের সিভিল সার্জন হারিস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।