সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ফের নির্বিচারে বৃক্ষনিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সেতুর সংযোগ সড়ক নির্মাণের দোহাই দিয়ে আবার নির্বিচারে বৃক্ষনিধন শুরু হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত তিন দিনে ৬০টি গাছ কাটা হয়েছে। এর আগে গত জুন-জুলাই মাসে একইভাবে ৩২৬টি গাছ কাটা হয়। এবার কাটা হবে আরও ২১৫টি গাছ। বন বিভাগ এসব গাছ কাটাকে সম্পূর্ণ বেআইনি বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ফল হয়নি। তবে বন বিভাগ ও পরিবেশকর্মীদের আন্দোলনের মুখে মাঝখানে কিছুদিন গাছ কাটা বন্ধ ছিল।
সুনামগঞ্জ জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছি, সম্পূর্ণ বেআইনিভাবে এসব গাছ কাটা হচ্ছে। যেখানে প্রয়োজন নেই, সেখানেও নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে। এতে সরকার প্রায় দুই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।’ সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পূর্বাঞ্চলীয় সেতু উন্নয়ন (ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট) প্রকল্পের আওতায় ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের কাজ চলছে। নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য এই গাছ কাটা হচ্ছে। গত মে মাসে ঢাকায় সওজের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে এসব গাছ নিলামে বিক্রি করা হয়। ৫৪১টি গাছ বিক্রি করা হয়েছে ২৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ টাকায়। প্রতি ঘনফুট কাঠের দর ধরা হয়েছে এক হাজার টাকা।
বন বিভাগ হিসাব করে দেখেছে, ৫৪১টি গাছে ২৭ হাজার ৪৭২ ঘনফুট কাঠ রয়েছে। ওই গাছের বর্তমান বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৭৪ হাজার ৯৪ টাকা। গতকাল সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ পৌর এলাকার মল্লিকপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে গাছ কাটা চলছে। গত তিন দিনে প্রায় ৬০টি গাছ কাটা হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন, নিলামে গাছ ক্রয়কারীরা জেলার বাইরের। গাছ কাটার বিষয়টি স্থানীয় কয়েকজন যুবক দেখছেন। এলাকাবাসী জানিয়েছেন, এর আগে একই স্থানে একবার গাছ কাটার উদ্যোগ নিলে বন বিভাগ ও পরিবেশকর্মীদের বাধার মুখে গাছ কাটা বন্ধ হয়। এবার ঝামেলা হতে পারে ভেবে গাছ কাটার তদারকিতে স্থানীয় কিছু যুবককে রাখা হয়েছে।
নিলামে গাছ ক্রয়কারীদের একজন সিলেটের সাইদুর রহমান বলেন, ‘আমরা নিলামে গাছ কিনেছি। আমরা ৮৬টি গাছ কাটব। পরে এই সংখ্যা আরও বাড়তে পারে।’ কত টাকায় গাছ কেনা হয়েছে, সেটি তিনি জানাতে রাজি হননি।
বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১১-এর ৫ বিধি অনুযায়ী, মহাসড়কের কোনো বনজ দ্রব্য কর্তন ও অপসারণ করতে হলে বন বিভাগের সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাকে অবশ্যই অবহিত করতে হবে। পরে বন বিভাগ তদন্ত করে গাছ চিহ্নিত করে নম্বর ও সিল দিয়ে দেবে। এরপর গাছ কাটা বা অপসারণ করা যাবে। কিন্তু সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নির্বিচারে ‘বৃক্ষনিধন’ শুরুর আগে বন বিভাগকে জানানো হয়নি।
পরিবেশ আন্দোলেন (পবা) সুনামগঞ্জের সভাপতি আইনজীবী শফিকুল আলম ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী জানান, তাঁরা শুরু থেকেই নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের দাবি জানিয়ে আসছেন। মলয় চক্রবর্তী বলেন, ‘আমাদের ধারণা, এখানে একটি শক্তিশালী পক্ষ কাজ করছে, না হলে এত কিছুর পরও কেন এই বৃক্ষ হত্যা বন্ধ হচ্ছে না?’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন বলেন, এটি তাঁদের এখতিয়ারের বাইরে। এটা করা হয়েছে ঢাকার সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে।