সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালুর দাবি
সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালু ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন জনপ্রতিনিধিরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার তৃণমূল জনপ্রতিনিধিদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল অদুদ, আবুল বরকত, নুরুল হক, আমিরুল হক ও আবদুল হাই, ইউপি সদস্য কামরুল ইসলাম ও আবদুল কাইউম।
বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে ২০ থেকে ৩০ বছরের পুরোনো বাস চলছে, ভাড়াও বেশি। এর সঙ্গে রয়েছে যাত্রী হয়রানি। সুনামগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই সড়কে সরকার গত তিন বছরে ১২টি নতুন সেতু নির্মাণ করেছে, সড়ক উন্নয়নের একটি নতুন প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু এই সড়কে যুগ যুগ ধরে চলছে লক্কড়ঝক্কড় বাস। বাসে ঠিকমতো বসা যায় না। বৃষ্টি হলে ছাদ ছুইয়ে পানি পড়ে। বাসমালিক ও শ্রমিকদের কাছে জেলার মানুষ জিম্মি হয়ে পড়েছেন।