সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির একাংশ গতকাল শনিবার সুনামগঞ্জ-সিলেট সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পুলিশ ও সমিতি সূত্রে জানা গেছে, জেলা বাস মালিক সমিতির কমিটি নিয়ে বদরুদ্দিন বাবুল ও আবদুল মুকিতের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক বছর আগে ওই দুই নেতা নিজেদের সভাপতি করে পৃথক কমিটি ঘোষণা করলে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়। এর জের ধরে বদরুদ্দিন বাবুল পক্ষের লোকজন গতকাল সকালে সুনামগঞ্জ পৌর শহরের বাসস্টেশনে মালিক সমিতির কার্যালয় দখল নিতে যান। তাদের বাধা দেন আবদুল মুকিতের লোকজন। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে আবদুল মুকিতের পক্ষ সকাল ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকা অবরোধ করে রাখেন। এতে সড়কের দু্ই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পুলিশের হস্তক্ষেপে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পৌর শহরের হাসনগর এলাকার বাসিন্দা রিপন আহমেদ বলেন, ‘অবরোধের কারণে আমি তিন ঘণ্টা সড়কে আটকা পড়েছিলাম। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।’

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, ‘বাস মালিক সমিতির কমিটি নিয়ে জটিলতা আছে। আমরা দুই পক্ষের লোকজনকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেব।’