সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালুর দাবি
সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালু এবং এই সড়কের উন্নয়নের দাবিতে গতকাল সোমবার সুনামগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। পরে একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
‘সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস চালু কর, যাত্রী হয়রানি বন্ধ কর’ স্লোগান নিয়ে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে গতকাল বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে সুনামগঞ্জের প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, আয়োজকদের পক্ষে মাহমুদুর রহমান, তালহা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে ২০ থেকে ৩০ বছরের পুরোনো বাস চলছে। এসব বাসে যাত্রীদের কাছ থেকে ভাড়াও বেশি নেওয়া হয়। উপরন্তু যাত্রীদের হয়রানিও করা হয়। এ অবস্থায় সুনামগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই সড়কে সরকার ১১টি নতুন সেতু নির্মাণ করেছে। সড়ক উন্নয়নেরও প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এই সড়কে যুগ যুগ ধরে চলছে লক্কড়ঝক্কড় বাস। বাসে ঠিকমতো বসা যায় না। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এ অবস্থার পরিবর্তন দরকার।