সুনামগঞ্জ ২৫ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ১১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ ছিল না। এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীকে।সুনামগঞ্জের ছাতক থেকে জেলা শহরের আসা ৩৩ হাজার কেভি লাইনে ত্রুটি দেখা দিলে অথবা সামান্য ঝড়বৃষ্টি হলেই সুনামগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। আর এখন এই বিদ্যুতের ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে সুনামগঞ্জবাসীর জন্য। মঙ্গলবার রাতে ঝড়ে ওই লাইনে সমস্যা দেখা দিলে সুনামগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এরপর বুধবার রাত ১১টায় বিদ্যুৎ আসে।গতকাল বৃহস্পতিবারও অনেকবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। গত রোববার দিরাই উপজেলা সদরে একনাগাড়ে দুই দিন বিদ্যুৎহীন থাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুৎ অফিসে হামলা করেন। এতে পুলিশ-জনতা সংঘর্ষ হয়েছে। সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক—সুজনের জেলা সভাপতি আবু আলী সাজ্জাদ হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাতকের ৩৩ হাজার কেভি লাইনের সমস্যা পুরোনো। এর কি কোনো সমাধান নেই। নাকি আমরা বিদ্যুতের ভোগান্তিতে থাকবই। এখানে স্থানীয় বিদ্যুৎ বিভাগেরও অবহেলা রয়েছে।’পৌরবিপণির ব্যবসায়ী শামীম আহমদ বলেন, ‘গত এক মাসে কমপক্ষে আট দিন এই দুর্ভোগে পড়তে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিদ্যুৎনির্ভর ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’ সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম তালুকদার জানান, সুনামগঞ্জে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন অনেক পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় সামান্য ঝড়-বৃষ্টি হলেই ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার রাত ১০টায় ঝড়ে বিদ্যুতের লাইনে গাছ উপড়ে পড়ায় রাতে তাঁরা কাজ করতে পারেননি। এরপর বুধবার দিনে ১২ ঘণ্টা কাজ করে কোনোভাবে রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছেন।জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর বলেন, ‘সুনামগঞ্জবাসীর বিদ্যুতের ভোগান্তি লাঘবের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে দু-এক মাসের মধ্যেই এ প্রকল্প আলোর মুখ দেখবে।’