সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সাংসদদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাংসদ মতিউর রহমান ও সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাংসদ এম এ মান্নান উপস্থিত ছিলেন।জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, সভায় জনপ্রতিনিধিদের পক্ষে হাওরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন। এতে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী সিদ্দিকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা আক্তার, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক অংশ নেন।সভা সূত্রে জানা গেছে, সাংসদেরা জনপ্রতিনিধিদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখার আশ্বাস দেন।বালাগঞ্জকে ফসল বিপর্যস্ত এলাকা ঘোষণার দাবিবালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের বালাগঞ্জ উপজেলাকে ফসল বিপর্যস্ত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।কৃষক ও জনপ্রতিনিধিরা জানান, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বোরো ফসল ডুবে গেছে। কৃষকেরা ফসলের আশা ছেড়ে দিয়ে এখন ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা। সিরিয়া গ্রামের আলতাফ মিয়া বলেন, ‘পানিয়ে ধান নিছেগি, কিন্তু দেনার টেখা তো দেওয়া লাগব। অভাবর চিন্তায় ঘুমও অয় না।’ উপজেলার মাইজাইল, মুক্তারপুর, বানাইয়া, করচা, চাতল ফাটাচাতল, বেরাঘাঘটিয়া ও গোরাপুর হাওরসহ ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওর ও বিলের ফসল পানিতে তলিয়ে গেছে। বালাগঞ্জ্রইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ বলেন, ‘আমার এলাকার কৃষকেরা একমুঠো ধানও ঘরে তুলতে পারেননি।’ তিনি বালাগঞ্জকে ফসল বিপর্যস্ত এলাকা ঘোষণার দাবি জানান। পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন বালাগঞ্জকে ফসল বিপর্যস্ত এলাকা ঘোষণা করে কৃষকদের জরুরিভাবে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান।