আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনামগঞ্জবাসী মেডিকেল কলেজ স্থাপন ও সুনামগঞ্জ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসার দাবি জানাবে। আজ সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সুনামগঞ্জ সফরে আসেন। তিনি জেলার তাহিরপুর উপজেলার একটি জনসভায় বক্তব্য দেন। সেদিনের সভায় প্রধানমন্ত্রী সুনামগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, সুনামগঞ্জ-সিলেট সড়কের উন্নয়ন ও ১৩টি সেতু নির্মাণ, হাওরের ফসল রক্ষায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের কাজ বাস্তবায়নসহ নানা প্রতিশ্রুতি দেন। এর মধ্যে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ ও সুনামগঞ্জ-সিলেট সড়কের উন্নয়ন হয়েছে।
সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী হওয়ার পর প্রথম সুনামগঞ্জ এসে ঘোষণা দিয়েছিলেন, সুনামগঞ্জের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্থাপিত হবে। একপর্যায়ে সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রিত্ব হারানোয় বিষয়টি আর এগোয়নি।
প্রধানমন্ত্রী গত বছরের ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুরমা নদীর ওপর নির্মিত ‘আব্দুর জহুর সেতু’র উদ্বোধনের সময় সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, গত বছর শেখ হাসিনা সিলেট সফরকালে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে আমি বক্তব্য দিয়েছিলাম। এবারও জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা আমার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেব এবং একই সঙ্গে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন ও রেল যোগাযোগের জন্য দাবি জানাব।’