সুনামগঞ্জে অবৈধ ক্লিনিক সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে গতকাল বুধবার অবৈধ একটি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালত শহরের আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। শহরের হাসননগর এলাকার ঐশী ডেন্টাল ক্লিনিকে গিয়ে প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র পাননি ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে যাঁরা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাঁরাও চিকিৎসক হিসেবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার ওপর ক্লিনিকটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন নাসের ইকবাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের পশ্চিম বাজার এলাকার ইতি আইসক্রিম কারখানাকে ৩০ হাজার, ষোলঘর এলাকার ইষ্টিকুটুম রেস্তোরাঁকে পাঁচ হাজার এবং কামাল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ওই ক্লিনিকটি একেবারেই ভুয়া। তাই সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠান থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। শহরে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।