সুনামগঞ্জে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে কারাদণ্ড
সুনামগঞ্জের ছাতকে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে এক তরুণকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ওই তরুণের দোকানে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটার থেকে দেশি-বিদেশি অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন (২৫)। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মণসোম গ্রামে। ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান গতকাল ওই কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার জাউয়াবাজারে গতকাল বিকেলে আলমগীরের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কম্পিউটারে দেশি-বিদেশি অনেক অশ্লীল ভিডিও পাওয়া যায়। তাঁর কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়। পরে তাঁকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।
একই দিনে অবৈধভাবে পশুর ওষুধ বিক্রি ও চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে আলম মিয়া (৪০) নামের আরেকজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই উপজেলার জিয়াপুর বাজারে গতকাল দুপুরে অভিযান চালিয়ে আলমকে কারাদণ্ড দেওয়া হয়।