সুনামগঞ্জে আ.লীগের কর্মিসভা হয়েছে, বর্ধিত সভা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার হয়নি। কেন্দ্রীয় নেতারা কর্মিসভা করে সুনামগঞ্জ থেকে চলে যান।দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিল গতকাল। বিকেল তিনটায় শহরের পৌরসভা মিলনায়তনে এ সভা আহ্বান করা হয়। জেলা কমিটি ও উপজেলার নেতা-কর্মীদের স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে দলের কর্মিসভা হয়। কর্মিসভা শেষে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মিসবাহ উদ্দিন এবং সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদার বাসায় যান। পরে সেখান থেকে তাঁরা আর পৌরসভা মিলনায়তনে আসেননি।নুরুল হুদা দাবি করেন, তাঁর বাসাতেই বর্ধিত সভা হয়েছে। কেন্দ্রীয় নেতারা খাওয়ার পর জেলা কমিটির সব নেতাকে ফোনে খবর দিয়ে তাঁর বাসায় নিয়ে আসা হয়। এরপর তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। ঘোষণা অনুযায়ী বর্ধিত সভা পৌরসভা মিলনায়তনে না হওয়ার কারণ জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘ঢাকা থেকে হঠাত্ হানিফ সাহেবের জরুরি ফোন আসায় আমার বাসাতেই সংক্ষিপ্ত বর্ধিত সভা করে তাঁরা চলে যান।’ এ ব্যাপারে কথা বলার জন্য কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটা কেন্দ্রীয় নেতাদের উচিত হয়নি। আমরা বিকেল তিনটা থেকে পৌরসভায় বসে থেকে সাড়ে চারটায় খবর পেলাম, তাঁরা এক বাসায় খাওয়াদাওয়া করে বিদায় নিয়েছেন। দীর্ঘদিন পর সভা ডাকা হয়েছিল। স্থানীয় নেতারা আশা করেছিলেন, মনের কথা খুলে বলবেন। কিন্তু তা আর হলো না। এতে দলেরই ক্ষতি হবে বেশি।’ তিনি বলেন, ‘আসলে একটা পাতানো খেলা খেলে গেলেন তাঁরা। কেন্দ্রীয় নেতারা যদি কারও ফরমায়েশি কাজ করেন, তাহলে দল এগোবে না।’