সুনামগঞ্জে আ.লীগের শীর্ষ দুই নেতার মুখ দেখাদেখি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ভারপ্রাপ্ত। এই দুই নেতার মধ্যে আট মাস ধরে মুখ দেখাদেখি বন্ধ। দলীয় কার্যালয়ে যাচ্ছেন না সভাপতি। কর্মীরা প্রকাশ্যে কোনো কিছু না বললেও তলে তলে তাঁরাও দুই ভাগে বিভক্ত। দুই নেতার দূরত্বে কর্মীরা হতাশ, সংগঠনে দেখা দিয়েছে স্থবিরতা।
এ অবস্থায় আগামী বুধবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ সফরে আসছেন। তিনি এসব বিষয় নিয়ে নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের জেলা শাখা চলছে ১৫ বছরের পুরোনো কমিটি দিয়ে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা ওরফে মুকুট। গত জানুয়ারিতে স্বেচ্ছাসেবক লীগের এক সমাবেশে সভাপতিকে মঞ্চে রেখেই তাঁর সমালোচনা করেন সাধারণ সম্পাদক। সভাপতিও সমালোচনার জবাব দেন। এ নিয়ে দুই নেতারা মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এর পর থেকে দলীয় কার্যালয়ে যাচ্ছেন না সভাপতি। গত ১৫ আগস্ট শোক দিবসে সরকারি কর্মসূচি ও বিশ্বম্ভরপুর উপজেলায় দলের কর্মসূচিতে মতিউর রহমান অংশ নিলেও জেলা শহরে দলের শোক র‌্যালিতে তিনি ছিলেন না।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিউর রহমান আগামী জাতীয় নির্বাচনে আবারও সুনামগঞ্জ সদর আসন থেকে নির্বাচন করবেন। সে জন্য তিনি প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় নূরুল হুদা এখানে মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি করা হয় ১৯৯৭ সালের ১৮ মার্চ। বর্তমানে ৫৪ সদস্যের কমিটির ১০ জন বেঁচে নেই। কেউ কেউ রয়েছেন প্রবাসে। কেউ কেউ দলত্যাগ করেছেন। যাঁরা আছেন তাঁদের অনেকেই নিষ্ক্রিয়। দীর্ঘদিন কমিটি না হওয়ার ক্ষোভ প্রকাশ করে এক নেতা বলেন, আওয়ামী লীগের জেলা শাখা চলছে দু-একজনের নামের ওপর। এই নাম নিয়ে কিছু লোক ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। দল ক্ষমতায় না থাকলে এঁদের পাত্তা পাওয়া যাবে না। নুরুল হুদা বলেন, ‘সভাপতি এক বছর ধরে দলীয় কার্যালয়ে যান না। মনে হয় তিনি একলা চলো নীতি গ্রহণ করেছেন। নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দলীয় কর্মসূচিতে তাঁকে পাওয়া যায় না। তিনি দলে বিভেদ সৃষ্টি করছেন।’
মতিউর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করছি। আমি সব সময় সন্ত্রাস-দুর্নীতি-টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি। দলীয় কার্যালয়ে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একজনের ব্যক্তিগত কার্যালয়, দলীয় নয়। যেদিন শুনেছি এটা দখল করা হয়েছে, মালিককে ভাড়া দেওয়া হয় না, সেদিন থেকে সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছি।’