>*হাওরে ফসলহানি, নিঃস্ব কৃষক
শুধু সংস্কৃতিকর্মীরাই নন, প্রশাসনের পক্ষ থেকেও এবার পয়লা বৈশাখে কোনো বাড়তি আয়োজন রাখা হয়নি
আজ পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। কিন্তু বর্ষবরণের কোনো উৎসব থাকছে না সুনামগঞ্জে। হাওরের ফসলহারা কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে উৎসব না করে এবার বিক্ষোভ ও প্রতিবাদী গানের অনুষ্ঠান হবে।
অন্য বছর কৃষকেরা পয়লা বৈশাখে আনন্দ করতেন। সাধ্যমতো বাজার-সদাই করতেন। বাচ্চাদের জন্য নতুন জামাকাপড় কিনতেন। এবার তাঁদের গোলায় ধান ওঠেনি। হাতে টাকাপয়সা নেই। ফলে নেই কোনো বাড়তি আয়োজন।
যে সংস্কৃতিকর্মীদের বর্ষবরণের বর্ণিল আয়োজন করার কথা, তাঁরা আজ সোচ্চার ফসলহারা কৃষকদের পক্ষে আন্দোলন-সংগ্রামে। তাই আজ বৈশাখের প্রথম দিনে কালো ব্যাজ ধারণ করে তাঁরা বিক্ষোভ করবেন। সবার মুখে থাকবে প্রতিবাদী গান ও স্লোগান। সকাল নয়টায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল।
শুধু সংস্কৃতিকর্মীরাই নন, প্রশাসনের পক্ষ থেকেও এবার পয়লা বৈশাখে কোনো বাড়তি আয়োজন রাখা হয়নি। ফসলহানির ঘটনায় করা বিশেষ সভায় জেলার সব সাংসদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেছেন, ফসলহারা কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে এবার শোভাযাত্রা বের করা হবে না। কোনো উৎসব হবে না। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে যেকুটু করা দরকার, শুধু সেটুকুই করা হবে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন বলেন, ‘হাওর পাড়ের মানুষেরা কাঁদছেন। কীভাবে বেঁচে থাকবেন সেই চিন্তায় তাঁরা দিশেহারা। এই অবস্থায় আমরা আনন্দ আয়োজন করতে পারি না।’ সব সাংস্কৃতিক সংগঠন ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি ও দুর্নীতির প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
সদর উপজেলার নীলপুর গ্রামের কৃষক বাবর আলী বলেন, ‘বৈশাখের পয়লা দিন নয়া ধানের চাউলের ভাত দিয়া শিরনি করি আমরা। ইটা বাপ-দাদার আমল থাকি চইলা আইছে। বাইচ্চারা কত খুশি অয়। ই-বার তো এক ছটাক ধানও কেউ তুলত পারছি না। কান্দন ছাড়া আমরার কোনো উপায় নাই।’
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের স্বপন কুমার বর্মণ বলেন, ‘ছোট-বড় সব কৃষক পরিবারের একই হাল। হাওরের মানুষের মুখে হাসি নেই। আছে বোবা কান্না। একটা বছর কী খেয়ে-পরে বাঁচবে, মানুষ সেই চিন্তায় আছে।’
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায় বলেন, হাওরের ধান গোলায় উঠলে এই জেলার মানুষের আনন্দের সীমা থাকে না। গ্রামে গ্রামে জারিগান, কুস্তি খেলা, নৌকাবাইচ, বাউলগান, কেচ্ছার আসর—কত কিছু হয়। এই ফসলের ওপরই কৃষক পরিবারের খাওয়াদাওয়া, বিয়েশাদি, ছেলেমেয়েদের লেখাপড়া—সব নির্ভর করে। কিন্তু এবার ফসল হারিয়ে কৃষকেরা নিঃস্ব।
সুনামগঞ্জে সম্প্রতি পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৪০টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এরপর থেকে জেলাজুড়ে বাঁধ নির্মাণের নামে অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে। হাজার কোটি টাকার ফসলহানির প্রতিবাদ, জেলাকে
দুর্গত এলাকা ঘোষণা এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে পাউবোর কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কৃষক-জনতার সমাবেশ ও পাউবোর সুনামগঞ্জ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
‘হাওর বাঁচায় সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে পাউবোর কার্যালয় ঘেরাও করতে গেলে পথে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংগঠনের নেতারা কাল শনিবার বিক্ষোভ এবং একই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কৃষক-জনতার সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা ঘোষণা করেন।
২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিনের বিরুদ্ধে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে হাওরের ফসল রক্ষায় ২৮টি বাঁধ নির্মাণে ১৬টি প্যাকেজের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, দুদকের তদন্ত কমিটি গঠনের বিষয়টি তিনি শুনেছেন।
রাষ্ট্রপতি আসছেন
সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন এবং মানুষের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী সোমবার আসছেন। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ওই দিন দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের পুলিশ লাইনস মাঠে অবতরণ করবে। এরপর তিনি সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন। তিনি বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে হাওরের সার্বিক বিষয়টি নিয়ে মতবিনিময় করবেন।