সুনামগঞ্জে আজ মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী
সুনামগঞ্জে ৫ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হবে।সুনামগঞ্জ মুক্তিযুদ্ধচর্চা ও গবেষণাকেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যুদ্ধাকালীন সময়ে ৫ নম্বর সেক্টরের জেলা সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন, ভোলাগঞ্জ সাব-সেক্টরের কমান্ডার প্রকৌশলী ন আ ম আলমগীর, এই সেক্টরের যোদ্ধা লে. কর্নেল (অব.) আবদুর রউফ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা-সাংবাদিক সালেহ চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক রানা চৌধুরী উপস্থিত থাকবেন। শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠান হবে জেলা শহরে আর কাল শনিবার অনুষ্ঠিত হবে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা শহীদ স্মৃতিসৌধে।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল মোমেন জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার সব মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ অনুষ্ঠানে আবার ৪০ বছর পর যুদ্ধদিনের সঙ্গীদের সঙ্গে দেখা হবে।