সুনামগঞ্জ থেকে নিখোঁজ যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালককে উদ্ধারের দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জে আধা বেলা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ। এ কারণে হরতাল হয়েছে ঢিলেঢালা৷
এদিকে সন্দেহভাজন হিসেবে গত শনিবার যুবদলের নেতাসহ আটক তিনজনকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মুজিবুর নিখোঁজ হওয়ার পর সুনামগঞ্জ সদর থানায় করা সাধারণ ডায়েরিকে (জিডি) অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতে ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ সদরের শিবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লিয়াকত আলী ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাঁদের বাড়ি চর সিরথা গ্রামে৷
হরতাল চলাকালে গতকাল সকালে বিএনপির একদল নেতা-কর্মী শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর সকাল নয়টার দিকে শহরে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।