সুনামগঞ্জে আরও ১০ হাওর প্লাবিত করিমগঞ্জে বাঁধে ভাঙন
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় সুনামগঞ্জের হাওর ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নতুন করে জেলার আরও ১০টি হাওর প্লাবিত হতে শুরু করেছে। এতে ইতিমধ্যে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। একের পর এক হাওরের ফসলডুবির ঘটনায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের প্রয়াগ হাওরের বাঁধও গতকাল ভেঙে যায়। এতে ৭৫০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল হারিয়ে হাওরপারে চলছে অসহায় কৃষকের আহাজারি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ, তাহিরপুর ও ধরমপাশা: সুনামগঞ্জের ১০টি হাওরের বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকতে শুরু করায় কমপক্ষে ৫০ হাজার হেক্টর জমির বোরো ফসল ঝুঁকির মুখে রয়েছে। পাউবো সূত্র জানায়, পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সুনামগঞ্জের নদী ও হাওরে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। অনেক স্থানে হাওরের বাঁধ উপচে পানি ঢুকছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছে।ধরমপাশা উপজেলার টঙ্গীর হাওর, ঘাঘুড়াখালি, জয়ধন, পুকুরমারা, আজরাখালি ও সোনামড়ল হাওরের আফর (বেড়িবাঁধের যে অংশে কাজ করা হয় না) দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে উত্তর শ্রীপুর ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।তাহিরপুর উপজেলার শনির হাওর এবং বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বেকাবান্দ ও ছরিমনের ঢালা দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আঙ্গারুলি হাওর ও জামালগঞ্জের হালির হাওরেরও বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, শনির হাওরে ২০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সবদিকেই পানির চাপ বেড়েছে। ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া বলেন, যেভাবে হাওরে পানি বাড়ছে তাতে করে ফসল নিয়ে সবাই চিন্তিত।সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, এ মাসের শুরু থেকে জেলায় একের পর এক হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় গত সোমবার বিকেলে পাউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিমকে সিলেটে বদলি করা হয়েছে। গতকাল এ পদে যোগদান করেছেন ঢাকার আবুল হোসেন। আবদুল হেকিম দাবি করেন, সুনামগঞ্জে পাউবোর বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি।কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের প্রয়াগ হাওরের এক কিলোমিটার বাঁধের ২০০ ফুট এলাকা গতকাল ভেঙে যায়। এতে ৭৫০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। কৃষকেরা স্বেচ্ছাশ্রমে ২০-২৫ দিন ধরে বাঁধটি টিকিয়ে রাখলেও শেষরক্ষা হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, বাঁধ টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।পুরান চামড়া গ্রামের কৃষক আবদুল আহাদ জানান, ধারদেনা করে তিনি ১২ একর জমিতে বোরো চাষ করেছিলেন। কিন্তু বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ায় ঘরে এক মুঠো ধানও তুলতে পারেননি। সাগুলি গ্রামের জালাল জানান, তাঁর প্রায় তিন হাজার মণ ধান তলিয়ে গেছে। ছাগলী গ্রামের হরমুজ আলী জানান, বাঁধ ভেঙে তাঁর তিন একর জমির ধান এখন পাঁচ ফুট পানির নিচে। সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ফসল হারিয়ে শত শত কৃষক পথে বসেছেন। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হাক্কানী বলেন, ভবিষ্যতে বাঁধ রক্ষায় আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে।