সুনামগঞ্জে আরও ৩১৫ পরিবারকে ত্রাণসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার মহেশপুর গ্রামে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা ত্রাণ বন্যাদুর্গতদের হাতে তুলে দেন বন্ধুসভার সদস্য ও জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের শাল্লা উপজেলার মহেশপুর গ্রামে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা ত্রাণ বন্যাদুর্গতদের হাতে তুলে দেন বন্ধুসভার সদস্য ও জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের তিনটি উপজেলার ১০ গ্রামে বন্যাদুর্গত ৩১৫ পরিবারের মধ্যে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে এই ত্রাণসহায়তা দেওয়া হয়।

এর আগে গত শনিবার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২০০ বন্যাদুর্গত পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। একইভাবে জামালগঞ্জ উপজেলায়ও ত্রাণ বিতরণ করা হবে বলে।

গতকাল সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামের ২০০ পরিবার এবং ধরমপাশা উপজেলার চারটি ইউনিয়নের কয়েকটি গ্রামের ১১৫টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ছয় কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ ও চারটি খাবার স্যালাইন দেওয়া হয়েছে। দিনভর হাওরাঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা এ ত্রাণ বিতরণ করেন।

ধরমপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলা ১১টায় বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়ে এ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাহীদ তালুকদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির চেয়ারম্যান মো. ফরহাদ আহমদ, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি চয়ন কান্তি দাশ, সাংবাদিক এনামুল হক ও সাজিদুল ইসলাম, কবি শাকিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সদর, সেলবরষ, জয়শ্রী ও সুখাউড় রাজাপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা নিয়ে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। পরে দিরাইয়ের চরনারচর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকা পূর্ব গোপালপুর, দক্ষিণ গোপালপুর ও ছোটহাটি; শাল্লার হবিবপুর ইউনিয়নের চাকুয়া, উত্তর ও দক্ষিণ মহেশপুর গ্রামে বন্ধুসভার সদস্যরা গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন।

ত্রাণ পেয়ে ধরমপাশার সুখাইড় গ্রামের মতিয়া বেগম (৭০) বলেন, ‘এখন বইন্যা চলতাছে। ঘরও খাওন নাই। তোমরার সাহায্য পাইয়া খুব উপকার অইব।’ শাল্লার চাকুয়া গ্রামের হারিছ আলী (৬৩) বলেন, ‘বাবারে ইবার হাওরের ফসল গেছে। ঘরে ঘরে অভাব লাগছে। অভাবের সময় তোমরা আমরার লাগি খানি লইয়া আইছ। সাহায্য পাইয়া খুব খুশি অইছি।’