সুনামগঞ্জে ইজতেমা শুরু আজ
সুনামগঞ্জে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা। সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর তীরে মুক্তিযোদ্ধা আবদুজ জহুর সেতুর পাশে এই ইজতেমা হবে।
আয়োজক কমিটির প্রধান মাওলানা আনওয়ার হোছাইন জানান, ইজতেমা ময়দান প্রস্তুতের জন্য এক মাস ধরে কাজ চলছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হবে। এতে প্রায় ১২ লাখ মানুষ অংশ নেবেন। শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। এখানে বিদেশ থেকেও মুসল্লিরা আসবেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ জানান, ইজতেমা ময়দানে পুলিশের কয়েকটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় ৫০০ পুলিশ দায়িত্বে থাকবে। ইজতেমা মাঠে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার জন্য ময়দানের আশপাশ থেকে অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।