সুনামগঞ্জে উত্ত্যক্তের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ
সুনামগঞ্জের ইনাতনগর গ্রামে উত্ত্যক্তের জেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেয়েটি আত্মহত্যা করে। এ ঘটনায় জিয়াউর রহমান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
তানিয়া আক্তার (১৫) স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। আটক জিয়াউর রহমান সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
তানিয়ার বড় ভাই আল আমিনের দাবি, উত্ত্যক্তের জেরেই তাঁর বোন আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, জিয়াউর প্রায়ই স্কুলে আসা-যাওয়ার সময় তাঁর বোনকে উত্ত্যক্ত করতেন। গতকাল মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথেও জিয়াউর রহমান তাকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন জিয়াউরকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে তানিয়া বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
থানাহাজতে থাকা অভিযুক্ত জিয়াউর রহমানের দাবি, ১৫ দিন আগে মুঠোফোনে তানিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। গতকাল তাঁরা এক জায়গায় দেখা করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের ধরে মারধর করেন। পরে তাঁরা তানিয়াকে ছেড়ে দেন এবং তাঁকে পুলিশে সোপর্দ করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিয়াউর ও তানিয়ার মধ্যে আগে থেকে জানাশোনা ছিল। তানিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিয়াউরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।