সুনামগঞ্জে উন্মুক্ত স্থানে হবে শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নয়, উন্মুক্ত স্থানেই শহীদ মিনার নির্মাণ করা হবে। গত রোববার রাতে সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ওই সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদ নতুন শহীদ মিনার নির্মাণ করবে। কিন্তু শহরে সুবিধাজনক জায়গা না পাওয়ায় এর কাজ বারবার পিছিয়ে যাচ্ছিল। জেলা প্রশাসক তাঁর কার্যালয় প্রাঙ্গণে জায়গা দিতে সম্মত হওয়ায় সেখানে রোববার ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। কিন্তু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শহীদ মিনার নির্মাণ না করার দাবি জানালে ওই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান স্থগিত করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘পুরোনো শহীদ মিনারের জায়গাতেই আমরা নতুন শহীদ মিনার নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু এখানে জায়গা কম এবং জটিলতা থাকায় সম্ভব হচ্ছে না। এখন সবার মতামতের ভিত্তিতেই সুবিধাজনক স্থানে নতুন শহীদ মিনার নির্মাণ করা হবে।’
সভায় বক্তব্য দেন প্রবীণ আইনজীবী ও লেখক স্বপন কুমার দেব, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে , মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ না করার দাবিতে গত শনি ও রোববার শহরে মানববন্ধন করেন মানুষ। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘সুনামগঞ্জে মানববন্ধন, নতুন শহীদ মিনার পুরোনোটির জায়গায় নির্মাণের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।