সুনামগঞ্জে ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ফসলহারা কৃষকেরা বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি দেওয়া নিয়ে চাপে আছেন। এনজিওগুলো কিস্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও নতুন ঋণ দেওয়ার কথা বলে কৃষকদের কাছ থেকে কিস্তি আদায় করছে বলে অভিযোগ করেছেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সদস্যরা।

এ অবস্থায় সরকারি কৃষিঋণ মওকুফ ও এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। গতকাল বুধবার বেলা আড়াইটায় সংগঠনের সদস্যরা সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সব হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে। এতে জেলার সাড়ে ৩ লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা এখন নিঃস্ব। সরকারিভাবে জেলায় দেড় লাখ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এখনো এই সহায়তার বাইরে আছে পৌনে ২ লাখ পরিবার।